দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল বলে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ও জনগন সাফল্যের প্রমাণ দেখিয়েছে। মাত্র চার দশকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখিয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনদিনের সফরে তিনি বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এ অংশ নেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামলসহ সরকারি ঊর্ধতনদের সাথে তিনি সাক্ষাত করেন। বাংলাদেশ সফরের বিষয়ে তিনি উল্লেখ করেন, প্রবৃদ্ধি তরান্বিত করতে এবং উন্নয়নের পরবর্তী ধাপে যেতে বাংলাদেশকে তরুণদের জন্য ভালো কর্মসংস্থান তৈরি করতে হবে। শক্তিশালী বেসরকারি খাত, ব্যবসার পরিবেশ উন্নতি করাসহ শ্রমশক্তির দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশকে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত হতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
