কুষ্টিয়া সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে স্ত্রী শাহানারাকে (২৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত স্বামী আওয়ালের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর সে তার মাকেও উপর্যুপরি কুপিয়ে জখম করেছে। বুধবার সকালে উপজেলার হরিনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
পুলিশ জানায়, হরিনারায়ণপুর বাজার সংলগ্ন এলাকার করিম বিশ্বাসের ছেলে নেশাগ্রস্থ আওয়াল মাদকের টাকা না পাওয়ায় স্ত্রীর সঙ্গে বিরোধ ও ঝগড়া শুরু হয়। এ ঘটনার জের ধরে পিতা-মাতা ও স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে আওয়াল ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী ও মাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে আওয়ালের স্ত্রী শাহানারা ঘটনাস্থলেই নিহত এবং মা জোবেদা খাতুন (৬০) গুরুতর জখম হন। ঘটনার পর মা জোবেদা খাতুনকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত আওয়ালকে পুলিশ আটক করেছে। নেশার টাকা না পেয়ে আওয়াল এ ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রাথমিক ধারণা করছে।
আরো পড়ুন: ‘করোনা ভাইরাসের কারণে পদ্মাসেতু নির্মাণ কাজে অসুবিধা হবে না’
ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকের টাকা ছাড়াও হত্যাকাণ্ডের পিছনে অন্য কোন ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ক্লু উদ্ধারসহ শীঘ্রই আসামিকে আইনের কাছে সোপর্দ করা হবে বলে ওসি জানান।
ইত্তেফাক/এএএম
