ভারতের সিরিজ জয়

সুপার ওভারে হারল নিউজুিল্যান্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪০

বিরাট কোহলি নিজেই বলেছেন, তারা ম্যাচের এক পর্যায়ে ধরে নিয়েছিলেন, এই ম্যাচ আর জেতা হচ্ছে না। কিন্তু নাটকীয়তার অনেক বাকি ছিল তখনো। শেষ ওভারে ৯ রান দরকার ছিল নিউজিল্যান্ডের জেতার জন্য। তারা করতে পারল ৮ রান। ম্যাচ হলো টাই; খেলা গড়াল সুপার ওভারে।

সুপার ওভারে ১৭ রানের বিশাল স্কোর করল নিউজিল্যান্ড। কিন্তু শেষ দুই বলে দুই ছক্কা মেরে সেই স্কোর পার করে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রোহিত শর্মা। টানা তৃতীয় টি-টোয়েন্টি জয়ের ভেতর দিয়ে দুই ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত।

মূল ম্যাচেও ভারতের ব্যাটিং কান্ডারি ছিলেন কেবল রোহিত শর্মা। রোহিত ও রাহুল একটা ভালো শুরু এনে দিয়েছিলেন ভারতকে। ৯ ওভারে ৮৯ রান তুলেছিলেন তারা দুজন। ১৯ বলে ২৭ রান করে ফিরে যান রাহুল। আর রোহিত ৪০ বলে ৬৫ রান করেন। এরপর শিবম দুবে ৩ রানে আউট। শেষ দিকে শ্রেয়াশ আয়ার, মনীষ পান্ডে ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে শেষ দিকে রান তোলেন কোহলি। ভারতীয় অধিনায়ক ২৭ বলে ৩৮ রান করেন। নিউজিল্যান্ডের হামিশ বেনেট ৩ উইকেট নেন।

জবাব দিতে নামা নিউজিল্যান্ডকে সহজ জয় পাইয়ে দেওয়ার পথে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মার্টিন গাপটিল ২১ বলে ২৩ রান করে শুরুটা করে দিয়ে গিয়েছিলেন। এরপর উইলিয়ামসন ৪৮ বলে ৯৫ রানের ইনিংস খেলে দলকে পথে রাখেন। আর রস টেলর ১০ বলে ১৭ রান করেন।

শেষ ওভারে এই দুজনকেই আউট করে ফেরান শামি। আর ওখানেই ম্যাচের লাগাম টেনে ধরতে পারে ভারত। ম্যাচ টাই হয়ে যায়।

সুপার ওভারে ভারতের হয়ে বল করতে আসেন জসপ্রিত বুমরাহ। প্রথম দুই বলে ২ রান আসে। এরপর উইলিয়ামসন পরপর দুই বলে একটি ছয় ও একটি চার মারেন। আর শেষ বলে গাপটিল আরেকটি চার মারতে পারেন। সব মিলিয়ে নিউজিল্যান্ড ১৭ রান তোলে।

জবাবে প্রথম দুই বলে মাত্র ৩ রান নিতে পারেন রোজিত। ফলে ৪ বলে দরকার হয় ১৫ রান। রাহুল একটা ৪ মারেন। পরের বলে একটা সিঙ্গেল। ফলে শেষ দুই বলে ১০ রান দরকার ছিল। পঞ্চম বলে ৬ মেরে দেন রোহিত। শেষ বলে দরকার ছিল চার। আবার ছক্কা মারেন রোহিত।