লালমোহনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

লালমোহন (ভোলা) সংবাদদাতা 

লালমোহনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক আনসার সদস্যের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তালতলী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই পরিবারের পাঁচ সদস্য।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

ক্ষতিগ্রস্ত আনসার সদস্য কামরুজ্জামানের মেয়ে সুলতানা বেগম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় গজারিয়া বাজার থেকে একটি গ্যাস সিলিন্ডার কিনে ঘরে নিয়ে চুলায় সংযোগ দেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এসময় সাথে সাথে রান্না ঘরসহ মূল বসতঘরে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিলেও ঘরের কোনো মূল্যবান মালামাল রক্ষা করা যায়নি।