টি-টোয়েন্টি বিশ্বকাপ

সালমার নেতৃত্বে বাংলাদেশ দল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪৪

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে ‘এ’ গ্রুপে।

গতকাল বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল। ১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ সালমা খাতুন। তার ডেপুটি হিসেবে আছেন রুমানা আহমেদ। এছাড়া দলে জাহানারা, ফাহিমা, আয়েশা, পান্নার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলবে ‘এ’ গ্রুপে। এখানকার সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপে বাংলাদেশের সঙ্গীরা হলো—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

৩ ফেব্রুয়ারি বিশ্বকাপকে সামনে রেখে বেশ আগেভাগেই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখান থেকে তারা চলে যাবে গোল্ড কোস্টে। ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ তিনটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক হয়নি। ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে; পার্থে। ২৭ ফেব্রুয়ারি ক্যানাবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল :

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহঅধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোসতারি।