সমাজে এখন প্রতিনিয়ত বউ-শাশুড়িদের নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা ওঠে। বর্তমানে তাদের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দৃশ্যমান। এমন অবস্থা পালটে দিয়ে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধ তৈরি করার লক্ষ্যে মিঠাপুকুরে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা হয়েছে।
বুধবার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ল্যাম্ব বর্ন অন টাইম প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করে। বিকালে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম দীলিপ। ল্যাম্বর টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলেনা বেগম, আনজুমান আরা বেগম প্রমুখ। দিনভর মেলায় শতাধিক জোড়া বউ-শাশুড়ির উপস্থিতি ও তাদের আন্তরিকতায় সেখানে তৈরি হয় ভিন্ন রকমের পরিবেশ।
ল্যাম্বর প্রজেক্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা জানান, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবারিক বন্ধন অটুট ও সুসম্পর্ক রাখা, মাতৃত্বকালীন ঝুঁকি নিরসন ও সেবা গ্রহণ, পরিবার পরিকল্পনা গ্রহণ, মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই এ মেলার উদ্দেশ্য। আশা করি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বউ-শাশুড়িরা বিষয়টি বুঝতে পেরেছেন। তারা বাড়িতে ফিরে তাদের আশেপাশের বউ-শাশুড়িদের মধ্যে এই সেতুবন্ধনের বার্তা পৌঁছে দেবেন। এছাড়াও নানামুখী সচেতনতা সৃষ্টি হচ্ছে এই মেলার মাধ্যমে।
