তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাশোগির খুনিদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ার্ট এ বিষয়ে বলেন, যুবরাজের সঙ্গে ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জোর দিয়ে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে যুক্তরাষ্ট্র জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। সৌদি আরবকেও একই কাজ করতে হবে।
সাবেক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সনদ নিতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশের পর সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়। বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ হত্যকাণ্ড সংঘটিত করতে সৌদি আরব থেকে ১৫ সদস্যদের একটি টিম আসে। তারা খাশোগিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর তার মরদেহ কেটে টুকরো টুকরো করে তা এসিডে গলিয়ে ফেলেছে।
এ দিকে গতকাল ইস্তাম্বুলে খাশোগি স্মরণে আয়োজিত এক সভায় তার বাগদত্তা হেতিস চেঙ্গিজ, বন্ধু ও মানবাধিকার কর্মীরা ন্যায় বিচার দাবি করেছেন। তার্কিশ-আরব মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রধান তুরান কিসলাস্কি বলেন, এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবশ্যই অপরাধীদের বিচার করতে হবে।
