লক্ষ্মীপুরে মেঘনা নদীর মজুচৌধুরীর হাট ও মতির হাট এলাকায় অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নির্দেশে মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জব্দকৃত ১০ কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
মজুচৌধুরীর হাট ঘাট নৌপুলিশের ইনচার্জ অচিন্ত কুমার দে জানান, নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা জাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত জালের বাজার মূল্যে প্রায় ৩০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মেঘনা নদীতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
