বড়লেখায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজার এলাকায় সড়ক ও জনপথের (সওজ) ভূমি থেকে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান চলে। এছাড়া দোকান ও ভবনের সামনে সরকারি জায়গার ওপর মালামাল রাখার অভিযোগে ফয়ছল আহমদ নামের এক ব্যক্তিকে ৩ হাজার টাকা, হাজী মুদরিছ আলী এন্ড সন্সকে ১০ হাজার টাকা, স্বাদ এন্ড প্রীতি ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আহমদ এন্ড মাহবুব ভেরাইটিজ স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ায় আব্দুল করিম নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হয়। পাশের বাজারে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেই। গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে দেখা গেছে, বেশ কিছু স্থাপনা রয়ে গেছে। সরকারি জায়গা থেকে অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধভাবে সড়কের জায়গা দখল করে রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ার অপরাধে এক জনকে এক মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।’