মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেলেন সাংবাদিক গোলাম মোস্তফা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৪

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সংবাদদাতা গোলাম মোস্তফা। মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাকে এ পদক দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। আয়োজক স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি লায়ন অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি বলেন, চলনবিল অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে সাংবাদিক গোলাম মোস্তফার কিছু লেখা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে তাকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক-২০২০ দেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক মঞ্জুরুল হক শিকদার, শিক্ষাবিদ রোটারিয়ান কবি নাসিমা বানু, বাংলাদেশ নারী লেখক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক জুবাইদা গুলশান আরা হেনা, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি সাহিদুল ইসলাম প্রমুখ।