কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৭

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে কয়েক হাজার যাত্রী।

শ্রমিকদের অভিযোগ, মহাসড়কের পৈরতলা এলাকায় দিগন্ত পরিবহনের এক শ্রমিকের কাছ থেকে পুলিশ চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে পুলিশ তাকে মারধর করে। এর প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। পরিস্থিতি স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন জানান, ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে। বিষয়টি পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে মীমাংসা করা হবে।