সৌন্দর্য হারাচ্ছে ইলিশের নগরী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:১৭

ইলিশের নগরী খ্যাত চাঁদপুর নানা অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে। এখানে রয়েছে নানা ধরনের স্তম্ভ, ভাস্কর্য,  ‘ইলিশ চত্বর’। শহরে ঢোকার শুরুতেই বাসস্টেশন আর চাঁদপুর স্টেডিয়ামের পাশেই এর অবস্থান। পোস্টার আর ময়লা-আবর্জনার জন্য ইলিশ চত্বর ও স্টেডিয়ামের পাশ দিয়ে চলাই দায় এখন। প্রায় সারা বছরই নানান সংগঠন, ব্যক্তির নামের পোস্টারে জড়িয়ে থাকে ইলিশ চত্বর। রাষ্ট্রীয় বড়ো কোনো অনুষ্ঠান হলেই কেবল সরানো হয় এসব। ইলিশ চত্বর সংলগ্ন স্টেডিয়ামের ফুটপাতে ও রাস্তায় এনে ফেলা হয় আবর্জনা। নগর পরিচ্ছন্নতা-কর্মীরা এখান থেকেই ময়লা তুলে নিয়ে যায়। নেই নির্দিষ্ট ডাস্টবিন। এতে সৌন্দর্য হারাচ্ছে শহর, অন্যদিকে আবর্জনা খোলা অবস্থায় থাকায় দুর্গন্ধে জনসাধারণ পোহাচ্ছে ভোগান্তি। চাঁদপুরের আরেক দর্শনীয় স্থান হচ্ছে ‘বড়োস্টেশন মেলহেড’। ডাকাতিয়া ও মেঘনার মোহনার এই মিলনস্থলে রয়েছে ‘রক্তঝরা’। পাশেই রেলস্টেশন, অন্যপাশে পুরোনো লঞ্চঘাট যেখানে ইলিশের আড়ত। জায়গাটি পোস্টার-ব্যানারে ছেয়ে থাকে সবসময়। এখানেও নেই পর্যাপ্ত ডাস্টবিন। দর্শনার্থীরা যেখানে সেখানে ময়লা ফেলছে—ফলে আশেপাশের পরিবেশের সঙ্গে দূষিত হচ্ছে নদীও। চাঁদপুরকে একটি পরিছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি।

বাহাউদ্দিন আবির

মার্কেটিং বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়