‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে চলছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। উত্সবের ৬ষ্ঠ দিন গতকাল বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে স্বপ্নধারা সাগরিকা স্কুল ও লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এবং দুপুরে টিচ ফর বাংলাদেশ স্কুল ও সুরিটোলা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বিনা টিকিটে দেশি-বিদেশি চলচ্চিত্র উপভোগ করেন। এছাড়াও বিকাল ও সন্ধ্যায় ঢাকার বিভিন্ন স্থান থেকে চলচ্চিত্র দেখতে আসা অভিভাবক ও শিশুদের পদচারণায় মুখরিত হয় উত্সব প্রাঙ্গণ।
এদিকে, দুপুরে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শিশু কিশোর ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সাথে অন্তরঙ্গ আড্ডায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। এ সময় তিনি মুুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সবার সঙ্গে। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় অংশ নেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সকাল ১১টায়, দুপুর ২টায় ও বিকাল ৪টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘ফেস টু ফেস’ সেশনে অংশ নেবে শিশু-কিশোর ও তরুণ নির্মাতারা। বিকাল ৪টায় চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়া শিশু-কিশোর ও তরুণ নির্মাতাদের সনদ বিতরণ করবেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।
