একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ১৪ দলের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে শনিবার সন্ধ্যায় মিছিল হয়েছে। কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে মিছিলটি উপজেলার জেপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজারে এক পথসভায় মিলিত হয়। পথসভায় উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব সংহতির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, মিজানুর রহমান মিজান, মনির হোসেন প্রমুখ।
পথসভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
