ফরমালিন বর্তমানে আমাদের দেশে একটি আতঙ্কের নাম। তার কারণ হলো কমবেশি সকল প্রকার খাবারেই ফরমালিনের ব্যবহার। বর্তমানে মাছে ও ফলমূলে ফরমালিন ব্যবহারের মাত্রা সবচেয়ে বেশি। ফরমালিডহাইড নামক রাসায়নিক যৌগ পানিতে মেশালে যে মিশ্রণটি তৈরি হয় তাই হলো ফরমালিন। ফরমালিন মূলত খাবারের পচন রোধ করার জন্য ব্যবহার করা হয়। এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলে এবং নতুন করে ব্যাকটেরিয়া জন্ম রোধ করে। তাই তাজা ফল, শাকসবজি, মাছ-মাংস বেশিক্ষণ সতেজ রাখার জন্য এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এই ক্ষতিকর উপাদানটি ব্যবহার করে থাকেন। ফরমালিন মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। এটি কিডনি, হার্ট, লিভার সব কিছুই ধীরে ধীরে নষ্ট করে ফেলে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য ফরমালিন খুবই ক্ষতিকর। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয় এমনকি গর্ভের সন্তানকে বিকলঙ্গ করতে পারে। এ ছাড়া নিয়মিত ফরমালিনযুক্ত খাবার গ্রহণ ফুসফুস ও লিভারের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই বাজার থেকে ফল-মূল, শাক-সবজি, মাছ-মাংস কিনে আনার পর গরম পানিতে ভিনেগার দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালো করে ধুয়ে রান্না করতে হবে।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ
