সিএএ নিয়ে হট্টগোল কেরালা বিধানসভায়

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:৪১

শুরু হওয়ার আগেই বিরোধীদের তুমল হট্টগোলে ভেস্তে গেল কেরালার বিধানসভার বাজেট অধিবেশন। গতকাল এই অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে এসেছিলেন রাজ্যপাল মহম্মদ আরিফ খান। বিধানসভায় ঢুকতেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) বিধায়কদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। রাজ্যপালের পথ আটকে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তারা। প্রায় ১০ মিনিট রাজ্য-পালের পথ আটকে বিক্ষোভ প্রদর্শন চলে। এরপরই মার্শালরা এসে বিধায়কদের সরিয়ে বিধানসভার মূল মঞ্চে যাওয়ার রাস্তা করে দেন রাজ্যপালকে।

দেশের প্রথম রাজ্য হিসেবে কেরালা বিধানসভা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রস্তাব পাশ করে। সিএএকে সমর্থন করে সরকারের এই সিদ্ধান্তের প্রবল সামলোচনা করেন রাজ্যপাল। সেই থেকেই রাজ্যপালের সঙ্গে বিবাদ শুরু রাজ্য সরকারের। এ দিন বিধানসভায় সিএএবিরোধী প্রস্তাব পাঠ করতে এলে বিধায়কদের ক্ষোভ আছড়ে পড়ে তার ওপর। রাজ্যপাল প্রস্তাব পাঠ শুরু করতেই ওয়েলে নেমে ফের বিক্ষোভ দেখান বিধা-য়করা। এরপরই  তারা বিধানসভার কক্ষ ত্যাগে করে মূল গেটের সামনে ধর্নায় বসে পড়ে। খবর আনন্দবাজার পত্রিকার

বিধানসভায় দাঁড়িয়ে এদিনও সিএএ নিয়ে তার অনঢ় অবস্থান স্পষ্ট করে দেন রাজ্যপাল। প্রস্তাব পাঠ করতে গিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই এই প্রস্তাব পাঠ করছি। এটা আমার ধ্যানধারণা নয়। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সম্মান জানাতেই এই প্রস্তাব পাঠ। যদিও আমি এই প্রস্তাবকে সমর্থন করছি না।’