আমিরাতের অস্ত্রবাহী ড্রোন ভূপাতিতের দাবি লিবিয়ার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:৪৫

লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করেছে তাদের সরকারি বাহিনী। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। ঐক্য সরকারের এক বিবৃতিতে ঐ ড্রোনটির ছবি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার তৃতীয় বৃহত্তম নগরী মিসরাতা শহরে ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ঐ ড্রোনটি ধ্বংস করা হয়। ড্রোনটি এই শহরের কয়েকটি বেসামরিক স্থাপনা টার্গেট করেছিল। খলিফা হাফতার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ড্রোনটি বিধ্বস্ত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। ত্রিপোলীভিত্তিক জাতীয় ঐক্য সরকার জিএনএ জানায়, মিসরাতার পূর্বাঞ্চলে তাদের বাহিনীর হামলায় ঐ ড্রোনটি বিধ্বস্ত হয়। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই দিন ত্রিপোলির দক্ষিণাঞ্চলে হাদবা আল বাদরি জেলায় একটি স্কুলের কাছে রকেট বিস্ফোরণে তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, গত বছরের ডিসেম্বরে আমিরাতের ড্রোন হামলায় লিবিয়ায় তিন জন নিহত হয়েছিল। এর আগে একই শহরে আমিরাতের আরেকটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করা হয়েছিল। ঐক্য সরকারের ফেসবুকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, চীনের তৈরি এই ড্রোনটির নাম উইং লুং। বিশেষজ্ঞরা বলছেন, হাফতার বাহিনী এই ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে বেশ কয়েকটি এয়ারক্রাফট ক্রয় করেছে। উল্লেখ্য, এই হাফতার বাহিনী বর্তমানে লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে।