চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়া বন্ধ করল শ্রীলঙ্কা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চীনের নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়া স্থগিত করেছে শ্রীলঙ্কা। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার প্রথম ৪০ বছর বয়সি এক চীনা নারীর দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করেছে। এরপর মঙ্গলবারেই ভিসা বন্ধের এ পদক্ষেপ নেওয়া হলো বলে জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকা।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারি বিশেষজ্ঞ সুদাথ সুরাউইরা বলেছেন, ঐ চীনা নারী ১৯ জানুয়ারি শ্রীলঙ্কায় গিয়েছিলেন। ২৫ জানুয়ারি বিমানবন্দর ছাড়ার সময় পরীক্ষা-নিরীক্ষায় তার দেহে ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরই শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ (বিমানবন্দরে নামার পর দেওয়া ভিসা) দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। চীনা নাগরিকদেরকে এখন শ্রীলঙ্কায় প্রবেশের আগে অনলাইন পোর্টালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।