জ্যামাইকা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে জ্যামাইকা, কিউবা থেকে শুরু করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি পর্যন্ত বিশাল একটি এলাকা কেঁপে ওঠেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। কিন্তু প্রাথমিক প্রতিবেদনগুলোতে হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পটির উত্পত্তি জ্যামাইকার মন্টিগো বে শহর থেকে ১৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কিউবার নিকুয়েরো শহর থেকে পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিকে ১৪০ কিলোমিটার দূরে সাগরতলের ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোররাত ২টা ১০ মিনিটের সময় ভূমিকম্পটি অনুভূত হয়।
