৩০ লাখ অস্ত্রধারী নেতাকর্মী ঢাকায় এনেছে আওয়ামী লীগ :মোশাররফ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচন প্রহসনের পরিণত হলে এর দায় ‘সরকার ও একচোখা’ নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে। নেতাকর্মীদের বাসা-বাড়িতে ঢুকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও ন্যূনতম কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, তারা বাইরে থেকে নেতা-কর্মীদের এনে ঢাকা শহরে সয়লাব করে ফেলেছে, ৩০ লাখ নেতাকর্মী ঢাকা শহরে এনেছে এবং অস্ত্রশস্ত্রসহ এনেছে।

গতকাল গোপীবাগে বিএনপির দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি বহিরাগত গুন্ডাদের ঢাকায় জড়ো করছে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, এটা অত্যন্ত হাস্যকর।

তিনি বলেন, আপনারা জানেন যে এই নির্বাচনের প্রচারণা আপনারা যারা দেখেছেন, জনজোয়ার সৃষ্টি হয়েছে। যদি মানুষ নিজের হাতে ভোট দিতে পারে তাহলে শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে আমাদের ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। আমরা কেন বাইরে থেকে লোকজন আনব। জনগণই তো আমাদের শক্তি।  ঢাকা দক্ষিণের ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, আমরা প্রচারণার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি। আমরা নানা বাধা-বিপত্তির মুখে পড়েছি তা আপনাদের সব সময়ে তুলে ধরেছি, আপনারাও সব দেখেছেন। আমি বলতে চাই, আগামী ১ ফেব্রুয়ারি সব ভোটার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন।