সরকারি প্রতিষ্ঠানকে হেয় করা থেকে সরে আসতে হবে :গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:২৫

অনুমানভিত্তিক অভিযোগ এনে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার প্রবণতা থেকে টিআইবিসহ অন্যদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি বলেন, ‘সরকারি সব প্রতিষ্ঠানকে জনহয়রানির প্রতিষ্ঠান নয়, জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছি। দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে যা ইতিমধ্যে সংবাদমাধ্যমেও এসেছে। মন্ত্রণালয়াধীন দপ্তরসমূহে যেখানেই অনিয়ম পাচ্ছি সেখানেই ব্যবস্থা নিচ্ছি। সর্বাত্মকভাবে চেষ্টা করছি যেন কোনোভাবেই ন্যূনতম দুর্নীতি না থাকে।’  গতকাল বুধবার সচিবালয়ে তাঁর দপ্তর কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে উল্লিখিত বিভিন্ন তথ্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউকের বিরুদ্ধে টিআইবি কর্তৃক আনীত অভিযোগের তথ্য কোনোভাবে সত্য নয়। এর কোনো ভিত্তি নেই এবং এটা উদ্দেশ্যপ্রণোদিত। জনবান্ধব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কারো দেওয়া তথ্যের ভিত্তিতে হেয় প্রতিপন্ন করে আলাদা বাহবা নেওয়ার চেষ্টা করেছেন তারা। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে রিয়েল এস্টেট ডেভেলপার পর্যায়ে বিশেষ              কোনো প্রকল্পের অনুমোদনই হয়নি। সুতরাং এ সংক্রান্ত ঘুষ দেওয়ার তথ্য সঠিক নয়।”

তিনি আরো বলেন, রাজউকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একটা সময় রাজউক দালাল পরিবেষ্টিত বলে অভিযোগ ছিল। বেশ কিছু দালালের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে।