ঢাকা-আরিচা মহাসড়ক

ট্রাক থেকে পড়ছে মাটি, পিছলে ঘটছে দুর্ঘটনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:৩৫

অব্যাহত ঘন কুয়াশার এক পর্যায়ে গতকাল বুধবার সামান্য বৃষ্টির পর ঢাকা-আরিচা মহাসড়ক ও বিভিন্ন সংযোগ রাস্তায়  বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। মালবোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পড়লে অনেকেই কম-বেশি আহত হন। ট্রাক থেকে ঝরেপড়া মাটির সঙ্গে বৃষ্টির পানি মিশে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে ধারণা করা হচ্ছে।  শিবালয় উপজেলার পাটুরিয়া, আরিচা, জাফরগঞ্জসহ নদী তীরবর্তী এলাকায় মাটি কেটে প্রত্যহ বিপুল সংখ্যক ট্রাকে বিভিন্ন গন্তব্যে নেওয়ার সময় সড়ক-মহাসড়কে তা ঝরে পড়ছে। সুমন নামে এক ট্রাক চালক জানান, গতকাল বেনাপোল থেকে লোহার আকরিক বোঝাই ট্রাক নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলা দশচিড়া মোড় এলাকা অতিক্রমকালে পিচ্ছিল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের নিচু জায়গায় পড়ে যায়। এছাড়া, একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে দু’টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে চার আরোহী গুরুতর আহত হন                 —বাবুল আকতার মঞ্জুর