কেরানীগঞ্জে গাড়ির ভুয়া কাগজ তৈরি চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:৩৯

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গাড়ির ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ভুয়া ইন্স্যুরেন্স ও রেজিস্ট্রেশন সনদ তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার রাতে র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো : উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের মো. আবদুল রহমানের ছেলে ফয়সাল আহম্মেদ (২২), একই উপজেলার রনজিত্ চন্দ্র কর্মকারের ছেলে কার্তিক চন্দ্র কর্মকার (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইসমাইল খানের ছেলে মো. ইমন খান (২৪)।

র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ তিন জন দীর্ঘদিন যাবত্ ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিআরটিএ-এর ভুয়া রেজিস্ট্রেশন সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন বিমা কোম্পানির ভুয়া ইন্স্যুরেন্স তৈরি ও সরবরাহ করে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ঐ তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি আবেদনকৃত ড্রাইভিং লাইসেন্স ফরম, ৩০টি ব­্যাংক ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম, ২০টি ব­্যাংক মেডিক্যাল সার্টিফিকেট ফরম, চারটি পূরণকৃত ভুয়া ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ৯টি ভুয়া ব­্যাংক ইন্স্যুরেন্স সার্টিফিকেট, একটি মনিটর, মাউস ও কিবোর্ডসহ একটি সিপিইউ, একটি প্রিন্টার,একটি স্ক্যানার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, একটি সিল, নগদ ১৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি প্রতারণা ও জালিয়াতি মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।