ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গাড়ির ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ভুয়া ইন্স্যুরেন্স ও রেজিস্ট্রেশন সনদ তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার রাতে র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো : উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের মো. আবদুল রহমানের ছেলে ফয়সাল আহম্মেদ (২২), একই উপজেলার রনজিত্ চন্দ্র কর্মকারের ছেলে কার্তিক চন্দ্র কর্মকার (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইসমাইল খানের ছেলে মো. ইমন খান (২৪)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ তিন জন দীর্ঘদিন যাবত্ ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিআরটিএ-এর ভুয়া রেজিস্ট্রেশন সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন বিমা কোম্পানির ভুয়া ইন্স্যুরেন্স তৈরি ও সরবরাহ করে আসছিল।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ঐ তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি আবেদনকৃত ড্রাইভিং লাইসেন্স ফরম, ৩০টি ব্যাংক ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম, ২০টি ব্যাংক মেডিক্যাল সার্টিফিকেট ফরম, চারটি পূরণকৃত ভুয়া ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ৯টি ভুয়া ব্যাংক ইন্স্যুরেন্স সার্টিফিকেট, একটি মনিটর, মাউস ও কিবোর্ডসহ একটি সিপিইউ, একটি প্রিন্টার,একটি স্ক্যানার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, একটি সিল, নগদ ১৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি প্রতারণা ও জালিয়াতি মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
