প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বিদেশ থেকে ধীরে ধীরে গুঁড়াদুধ আনা বন্ধ করে দেব। দেশের দুধ দিয়েই আমাদের চাহিদা পূরণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবদিক থেকে দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করছে।
বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রামে ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ডেইরি ফার্মের ভবিষ্যত্ উজ্জ্বল। টেকনিক্যাল সাহায্যসহ সরকার এ বিষয়ে ঋণও দিচ্ছে। একটি সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রজেক্টও চালু করা হয়েছে। যেসব ফার্ম দেশে গড়ে উঠবে এবং যেসব এলাকায় দুধ উত্পন্ন হয় কিন্তু চাষিরা ন্যায্য দাম পান না, তাদের সাহায্য করার জন্যই এ প্রকল্প।
প্রতিমন্ত্রী বলেন, ডেইরি ফার্মগুলো দেখার জন্য মোবাইল টিম থাকবে। যখন গাভির জন্য চিকিত্সা প্রয়োজন হবে, তখন সেই টিম কাজ করবে। নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হবে, কী রোগ হয়েছে তা দেখার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিজি আবদুল জব্বার শিকদার, ডাচ ডেইরি ফার্মের পরিচালক গিয়াস আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা প্রমুখ।
