সাভারের আশুলিয়ায় একটি কওমি মাদ্রাসার ১২ বছর বয়সি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক ছলিম আহমদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা থেকে ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়। ধর্ষণচেষ্টায় জড়িত গ্রেফতারকৃত ছলিম আহমদ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকার সমছ উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকার মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার শিক্ষক।
এ ব্যাপারে ভুক্তভোগী ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগে জানান, তিনি একজন গাড়ি চালক। তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ১২ বছর বয়সি একমাত্র মেয়ে বাসাসংলগ্ন কওমি মাদ্রাসায় ৩য় শ্রেণিতে লেখাপড়া করে। মাদ্রাসার শিক্ষক ছলিম আহমদ তার মেয়েকে বিভিন্ন সময় জড়িয়ে ধরে এবং তার শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। গত ১০ জানুয়ারি সকাল আনুমানিক ১০টায় উক্ত শিক্ষক তার মেয়েকে ডেকে নিয়ে তাকে জড়িয়ে ধরে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়ের চিত্কারে তাকে ছেড়ে দেয়। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সেই থেকে তার মেয়ে ঐ মাদ্রাসায় যায় না। তাকে মাদ্রাসায় যেতে বললে, সে কান্নাকাটি করে। একপর্যায় মেয়ে এসব ঘটনা জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
