কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক কসবা পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের ভোটারদের কাছে ভোট চেয়েছেন। আইনমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, বাঙালির যত বড় অর্জন এসেছে তা নৌকায় ভোট দেওয়ার ফলেই এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি সরকারের উন্নয়ন গতিধারা বজায় রাখার স্বার্থে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কসবা গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূঁইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ।
