ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের তাবিথ আউয়াল গতকাল বুধবার দিনভর গণসংযোগ করেছেন। রাজধানীর বংশালের যুবদল অফিসের সামনে থেকে প্রচারণা শুরুর আগে ইশরাক হোসেন বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার রাজধানীর সীমানা পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ জোয়ার ঠেকানোর সাধ্য কারো নেই। অন্যদিকে শাহাজাদপুরে গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেছেন, ভোটের পরিবেশ ইসিকেই নিশ্চিত করতে হবে।
নগরবাসীর উদ্দেশ্যে ইশরাক বলেন, সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমাদের দল আপনাদের পাশ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনাদের সুরক্ষা দেব- ইনশাআল্লাহ। ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো ভয় পাবেন না। এই দেশের মালিক জনগণ। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল—জনগণ রাষ্ট্র পরিচালনা করবে, জনগণ দেশ পরিচালনা করবে। সেই অধিকার আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
গতকাল ইশরাক সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি ও বংশাল থানাধীন বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা চালান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল, গণফোরামের কার্যকারি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এদিকে বিএনপির উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না । নির্বাচনে বিজয়ী হতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দুপুরে রাজধানীর শাহাজাদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এ কথা বলেন। তাবিথ আউয়াল বলেন, আমরা ভোটকেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্ট যাবে এবং প্রার্থীরা যাবে। তবে ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভোটারদের আমি আহ্বান জানাচ্ছি আমরা যে কোনো পরিবেশে আমাদের গণসংযোগ যেমন অব্যাহত রেখেছি, সেভাবে আপনারাও ১ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিন। তিনি বলেন, হামলা-মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করুন হামলা মামলা করে সরকার আমাদের নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে কেন?
নির্বাচনী গণসংযোগে তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
