জি কে শামীম সংশ্লিষ্টতা

সিলভান ওয়াই রিসোর্টের সাত মালিককে দুদকে তলব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০১:১২

আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডসহ অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্ ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বান্দরবানে নির্মাণাধীন সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের সাত পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাদের তলব করে নোটিশ পাঠান। ঐ নোটিশে তাদেরকে আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত এ সাত জন হলেন—সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেডের এমডি জসিম উদ্দিন মন্টু, পরিচালক মিনারুল আলম চাকলাদার, এস এইচ মোহাম্মদ মহসিন, জামিল উদ্দিন শুভ, জিয়া উদ্দিন আবির, জাওয়াদ উদ্দিন আবরার ও ফজলুল করিম চৌধুরী স্বপন।

দুদক সূত্র জানায়, বান্দরবান-চিম্বুক সড়কের সাইঙ্গাপাড়ায় সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেড নামে প্রস্তাবিত রিসোর্টের চেয়ারম্যান জি কে শামীম। আর তলবকৃত সাত জন ঐ রির্সোটের ব্যাবসায়িক অংশীদার। প্রস্তাবিত এই রির্সোটটি প্রায় ১০০ একর পাহাড়ি জমির ওপর নির্মিত হওয়ার কথা, যার ব্যয় প্রায় ২০০ কোটি টাকা।

সূত্র আরো জানায়, বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে আলোচিত ঠিকাদার জি কে শামীমের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম। ঐ টিমের অপর সদস্যরা হলেন—উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।