কারা হাসপাতালে ১১৭ চিকিত্সক নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০১:১৩

দেশের কারা হাসপাতালের ১১৭টি শূন্যপদে অবিলম্বে চিকিত্সক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির এক মাসের মধ্যে ঐ নিয়োগ সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদেশের বিষয়টি ইত্তেফাককে জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন।

দেশের কারা হাসপাতালগুলোতে চিকিত্সক সংকট নিয়ে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। ঐ রিটের প্রেক্ষিতে আদালত অন্তবর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে। গত নভেম্বর মাসে আদালতে প্রতিবেদন দেয় আইজি প্রিজন্স। ঐ প্রতিবেদনে বলা হয়, দেশে ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র ৯ জন চিকিত্সক রয়েছে। আর বন্দি রয়েছেন ধারণক্ষমতার দ্বিগুণ। অর্থাত্ ৮৬ হাজার ৯৯৮ জন। পরে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১৫ জন চিকিত্সককে নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বর্তমানে ২৪ জন চিকিত্সক রয়েছেন কারা হাসপাতালে। গতকাল শুনানি নিয়ে হাইকোর্ট ১১৭ শূন্যপদে অবিলম্বে চিকিত্সক নিয়োগের নির্দেশ দেয়।