মুজিববর্ষের প্রাক্কালে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে :নাসিম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০১:১৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত স্বাধীনতার পক্ষের নৌকার মেয়র প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে ঢাকাবাসী মুজিববর্ষ উদ্যাপন করবে।

গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ১৪ দলের বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  নাসিম বলেন, মুজিববর্ষের প্রাক্কালে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যে কোনো সরকারের ছোটোখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু নগরবাসী বড়ো ভুল করবেন না। উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করবেন। মোহাম্মদ নাসিম বলেন, আমরা চাই নির্বাচিত মেয়ররা ঢাকাকে মশকমুক্ত পরিচ্ছন্ন আধুনিক শহরে পরিণত করবেন। তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা পরিপূর্ণ সহযোগিতা করবেন। আমরা চাই না, নির্বাচিত মেয়ররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করুক। তা হলে ঢাকার ভোটাররা তাদের ক্ষমা করবেন না। 

মোহাম্মদ নাসিম আরো বলেন, আমরা খুবই গর্বিত যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। দেশে-বিদেশে অত্যন্ত গৌরবের সঙ্গে এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহাজান খান, উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির (জেপি) নেতা এজাজ আহমেদ মুক্তা, জেপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, সিটি নির্বাচন সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে।