গোপালগঞ্জ প্রতিনিধি ও কোটালীপাড়া সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা হয়েছে শুক্রবার। কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট টি.টি. উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও অ্যাড. রাশিদা আব্দুল্লাহ। সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভীম চন্দ্র বাড়ৈর সভাপতিত্বে জনসভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস.এম হুমায়ূন কবীর, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সর্বোচ্চ ভোটে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান জানান। হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী, সমর্থক জনসভায় যোগ দেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জনসভায় নারীদের উপস্থিতি ছিল বেশি। প্রধানমন্ত্রীর পক্ষের এ নির্বাচনী জনসভা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
