‘মোদি ও গডসে একই আদর্শে বিশ্বাস করেন’ : রাহুল গান্ধী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নাথুরাম গডসের সঙ্গে তুলনা করেছেন দেশটির বিরোধী দল কংগেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। মোদিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘দুইজন একই আদর্শে বিশ্বাসী হলেও, তিনি যে গডসেতে বিশ্বাসী, সেটা বলার সাহস নেই প্রধানমন্ত্রীর।’ খবর আনন্দবাজার পত্রিকার 

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে মানুষকে একজোট করতে কেরালার ওয়েনাডে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। সেখানকার কালপেট্টায় একটি জনসভায় বক্তৃতা করতে গিয়েই বৃহস্পতিবার এমন মন্তব্য করেন রাহুল। 

এদিন তিনি বলেন, ‘আপনারা জানেন কি-না জানি না, কিন্তু মহাত্মা গান্ধীকে গুলি করার সময় নাথুরাম গডসে চোখ বুজে ছিল। কী করছে তা জানত ও। গডসে এবং মোদি একই আদর্শে বিশ্বাসী। পার্থক্য শুধু একটাই, উনি যে গডসেতে বিশ্বাসী তা বলার সাহস নেই নরেন্দ্র মোদির।’

আরও পড়ুন: ২০ দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

গত বুধবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যখন তাঁর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করতে ব্যস্ত রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, ঠিক সেইসময়ই এমন মন্তব্য করলেন রাহুল। যদিও এ নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সিএএ ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস। রাহুলের নেতৃত্বে ওয়েনাডে ‘সেভ দ্য কনস্টিটিউশন’ মিছিলের আয়োজন করেছে দলটি। 

ইত্তেফাক/এসইউ