কবিরাজের কি দোষ! সুজলা মাটির কোষে উষ্ণতার উত্পাত
ফলে নদীবাসী হয়েও আমরা নদীকে
তার বহুমাত্রিক ব্যঞ্জনায় চিনতে শিখিনি;
আমাদের স্নাতক শোণিতে ঢোল
আমাদের স্নাতক-উত্তর রক্তে ঢাক
ফলে আমাদের শুক্রতারল্য—আমাদের অকাল-স্খলন
দ্যাখো—হাফডান অল আউয়ার প্রজেক্টস!
আমাদের স্কিন শ্রাবণেও শুষ্ক বালু—আহা চুলকানি!
তাই তো আমরা সাপের নখে শান্তি পেতে চেয়েছি!
দ্যাখো—দেয়ালে দেয়ালে এতসব পাঠাশালা—
নদীর উজানে ও ভাটিতে এতসব সংকেত,
তবু প্রতিদিন চিলে নিয়ে যায় আমাদের
মহামাননীয় রাজা ও রানীর কান
আর ভুল মানুষের ভিড়ে ভরে ওঠে জেলখানা;
হরমৌসুম আমাদের পদ্মা ও যমুনার জল এলোমেলো।
অতএব তুমি এসো—, প্রয়োজনে—ওই যে হিমানী-
তোমার গার্লফ্রেন্ড—, তাকেও নিয়ে এসো সঙ্গে করে।
