কালো কালো নগ্ন সব শিশু
অবলীলায় ঝাঁপিয়ে পড়ছিল ঘোলা জলে।
দৃশ্যত আধিভৌতিক হলেও তাতে প্রাণ ছিল।
ধনুকের টানটান ছিলায় ক্ষুধা থাকলেও
তাতে আধখানা চাঁদের কোনো প্রতিশ্রুতি ছিল না।
খরগোশ, ইঁদুর কিংবা শুকরে অরুচি নেই,
কারণ ক্ষুধার সীমারেখা কেউ
এঁকে দিয়ে যায়নি।
কষ্টিপাথরে গড়া নারীদেহগুলো সতত চঞ্চল,
নরমুণ্ডমালা খচিত ধূপধুনোয় স্থবির, লজ্জিত নয়।
সুলতানের চিত্রের চেয়ে আরও পেশল
আরও চিত্রল।
আগুন শেখাল কে?
প্রমিথিউস, তুমি একবার পুরাণের পাতা থেকে
উঠে এসে দেখে যাও
কিভাবে তোমার আগুনে সভ্যতা পুড়ে গেছে।
যারা অন্যের ঈশ্বরে হানে অমোঘ দহন,
তাদের চেয়ে অবিশ্বাসী আর কে আছে?
