কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে ভারতের ৭-১০ দিনের বেশি লাগবে না বলে জানিয়েছেন। রাজধানী নয়াদিল্লিতে ন্যাশনাল ক্যাডেট করপসের (এনসিসি) এক অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমস’র
পাকিস্তানকে লক্ষ্য করে গত মঙ্গলবার মোদি বলেন, ‘প্রতিবেশী দেশ তিনটি যুদ্ধ হেরেছে। পাকিস্তানকে কুপোকাত করতে ৭-১০ দিনের বেশি সময় নেয় না ভারতের সেনা। কিন্তু দশকের পর দশক ধরে ছায়াযুদ্ধ চালিয়ে এসেছে তারা। আগে সেনাবাহিনীকে অভিযানের অনুমতি দেওয়া হতো না। আমাদের সময় সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হানা হয়েছে। পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের আবার পরাজিত করতে আমাদের সেনাদের ৭-১০ দিনের বেশি সময় লাগবে না।’
মোদির দাবি, স্বাধীনতার পর থেকেই জম্মু-কাশ্মীরে সমস্যা রয়েছে। কয়েকটি পরিবার ও রাজনৈতিক দল উপত্যকার ইস্যুগুলোকে জিইয়ে রেখেছে। তার ফল হিসেবে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। বছরের পর বছর ধরে হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। বাসিন্দাদের কাশ্মীর ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমান সরকার কয়েক দশক ধরে চলা আসা এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করতে চায়।
আরও পড়ুন: ‘মোদি ও গডসে একই আদর্শে বিশ্বাস করেন’ : রাহুল গান্ধী
ওই ইস্যুতে তিনি আরও বলেন, সাবেক সরকারগুলো ওই সমস্যাকে আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখেছিল। ভারতীয় সেনাবাহিনী পদক্ষেপ গ্রহণ করতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। সাবেক সরকারগুলোর নিষ্ক্রিয়তার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন চললেও প্রধানমন্ত্রীর দাবি, জম্মু-কাশ্মীরসহ দেশের অন্যান্য অংশে শান্তি বজায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের সাফল্য হিসেবে বোড়ো চুক্তি, তিন তালাক বাতিল, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
ইত্তেফাক/এসইউ
