ঘুরছে টোকাই গলির মোড়ে
চাই যে গরম জামা
হোক না ছেঁড়া বোতাম ছাড়া
দিক না কোনো মামা।
মা জননী কাঁপছে শীতে
ছোট্ট ভাঙা ঘরে
ঘুম আসে না দু’চোখে তার
কাঁপছে খুকু জ্বরে।
মায়ের-বোনের দুঃখ রাখার
নেই যে কোনো ঠাঁই
কাঁথা-কম্বল ছেঁড়া চাদর
যা-হোক কিছু চাই।
ফুটপাতে সে থাকে বটে
নিত্য সর্দি-কাশি
গরম কাপড় পেলেই শীতে
ফুটবে মুখে হাসি।
