হবিগঞ্জের দ্য প্যালেসে গতকাল সন্ধ্যায় বসেছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৪তম আসর। এ উপলক্ষে দেশের সংগীতের সকল শাখার শিল্পীরা ফের একই মঞ্চে এক হন। এ আয়োজনে শিল্পীরা আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু ও সুবীর নন্দীর গান পরিবেশন করেছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও বেলাল খানের কণ্ঠে নতুন গান। গানটির শিরোনাম ‘আমি তোমার কই’। সামিনা চৌধুরীর সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন বেলাল খান নিজেই।
নতুন এই গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘হঠাত্ করেই এ গানটির পরিকল্পনা করা। গানটি এক রাতে তৈরি হয়েছে। ইমন চৌধুরীর স্টুডিওতে বসেই এ মিজান গানের কথা লিখেছেন, বেলাল সুর করেছেন। এরপরেই গানটির সংগীতায়োজন করা হয় এবং কণ্ঠ দেওয়া হয়েছে। অল্প সময়ে এত সুন্দর কথা ও সুরের গান হয়েছে, সত্যি অবাক করার মতো। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
গীতিকার এ মিজান বলেন, ‘সামিনা আপার মতো গুণী শিল্পীর জন্য গান লেখা বেশ দূরহ ব্যাপার। গানটির জন্য মাত্র কয়েক ঘণ্টা সময় ছিল আমাদের হাতে। আমরা সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে গানটি করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’
জানা গেছে, মূলত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজনকে ঘিরেই নতুন এ গানটি তৈরি হয়েছে। গানটি মঞ্চে পরিবেশনার পর শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে।
বাংলাদেশের গানের জগত্ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এই আয়োজনের ১৪তম আসরে আধুনিক গানে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে রফিকুল আলম ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে।
