সীতাকুণ্ডে বিভেদ ভুলে নৌকার জন্য ভোট প্রার্থনা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

নিজেদের মধ্যে বিভেদ ভুলে নৌকার প্রার্থী দিদারুল আলমের জন্য ভোট চাইলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভুঁইয়া ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। গত এক সপ্তাহ ধরে এই হেভিওয়েট নেতারা সব কিছু ভুলে গিয়ে নৌকা মার্কার পক্ষে জোরেসোরে প্রচারণায় নামেন। এতে করে নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, মাত্র এক মাস আগেও মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত ছিল। বিভক্ত ধারায় ছিলেন নৌকার প্রার্থী দিদারুল আলম এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। এরা সকলেই হেভিওয়েট নেতা এবং এলাকায় তাদের ব্যাপক জনসমর্থন আছে। আর এই তিন নেতার মধ্যে মনোনয়ন পাওয়া নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা ছিল। ফলে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা তিন ধারায় বিভক্ত হয়ে এক পক্ষ আরেক পক্ষকে প্রতিপক্ষ মনে করতো।

তাই সঙ্গতকারণে নির্বাচনে বাকের ভুঁইয়া ও মামুন মনোনয়ন না পাওয়ার ফলে তারা এতদিন নৌকার প্রার্থী দিদারের পক্ষে প্রচারণা থেকে বিরত ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে এই দুই হেভিওয়েট নেতা সব কিছু ভুলে গিয়ে নৌকা মার্কার পক্ষে জোরেসোরে প্রচারণায় নামেন। উভয় নেতার কর্মী-সমর্থকরা প্রতিটি ওয়ার্ডে নৌকাকে জিতানোর জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে।

হেভিওয়েট নেতাদের মাঝে দ্বিধা-দ্বন্দ্বকে কেন্দ্র করে ভোটারদের মাঝে আশঙ্কা ছিল নৌকা জিততে পারবে কি-না। তবে অভিমানী দুই নেতা “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়” এ কথাটি উপলব্ধি করায় এখন নৌকার প্রার্থী জিতার সম্ভাবনা আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।