‘সুপার ওভার আমাদের বন্ধু নয়’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:১৮

সুপার ওভার ব্যাপারটার প্রতি ঘৃণাই জন্মে যাওয়ার কথা কেন উইলিয়ামসনের। কয়েক মাস আগে বিশ্বকাপ ফাইনালে এই সুপার ওভারও টাই করে খোয়াতে হয়েছিল ট্রফি। এরপর আরো দুটো সুপার ওভার হারল তারা এই কয়েক মাসের ভেতর। সর্বশেষ ভারতের বিপক্ষে এক ওভারে ১৭ রান তুলেও সেই রান রক্ষা করতে পারেনি তারা। বিধ্বস্ত নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন তাই বলছেন, সুপার ওভার যতই আকর্ষণীয় হোক, তাদের জন্য এই ব্যাপারটা ঠিক না বলেই মনে হচ্ছে তার।

ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিটা নির্ধারিত ২০ ওভারেই জিতে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু সেই ম্যাচ তারা রক্ষা করতে পারেননি। তারপর সুপার ওভারে হার। তার পরও উইলিয়ামসন বলছেন, সুপার ওভার ব্যাপারটা দর্শকের জন্য ভালো; তাদের জন্য নয়, ‘আমার মনে হয়, আমাদের এটা খেলা উচিত না! তবে এটা (সুপার ওভার) আসলে তো এরকমই। এটা মজার ব্যাপার, তাই না? মাঝরাত হোক আর যখনই হোক, ভরা গ্যালারির সামনে এটা খেলা মজার। এটা আলাদা একটা বিনোদন। তবে বারবার আমি এখানে হেরে যাওয়ার পর এই সুপার ওভার নিয়ে বলার জন্য নিশ্চয়ই খুব যোগ্য লোক নই। তবে এটা ঠিক যে, লোকেরা খেলাটা উপভোগ করেছে। মজা হয়েছে।’

এরপর একটু সিরিয়াস হয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, সুপার ওভার তাদের বন্ধু নয়, এটা ঠিক আছে। কিন্তু সুপার ওভারে যাওয়ার আগেই এ ম্যাচ তাদের জিতে যাওয়া উচিত ছিল, ‘সুপার ওভার অবশ্যই আমাদের জন্য বন্ধু নয়। কিন্তু আপনি যদি সততার সঙ্গে চিন্তা করেন, তাহলে আমাদের এই সুপার ওভার প্রয়োজন হওয়ার আগেই ম্যাচটা জিতে যাওয়ার কথা। কিন্তু আমি মনে করি, আমরা শেষ পর্যন্ত দুই দল মিলে ভালো একটা ম্যাচ খেলেছি। এটা অসাধারণ ম্যাচ ছিল।’

প্রথম দুই টি-টোয়েন্টির তুলনায় নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচে ভালো করেছিল। তার পরও ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ তারা দুই ম্যাচ হাতে রেখেই হেরে বসেছে। নিজেদের মাটিতে এভাবে সিরিজ হারাটা নিশ্চয়ই হতাশার। উইলিয়ামসন বলছেন, তারা নিজেদের এই পারফরম্যান্সে সন্তুষ্ট নন, ‘আমরা আগের দুটো ম্যাচেও এটা দেখেছি। অকল্যান্ডের ম্যাচটাতে বিশেষ করে এটা হয়েছে। আমরা নিশ্চয়ই আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আর টি-টোয়েন্টি খেলাটা হলো ছোটো মার্জিনের খেলা। এখানে অল্প পারফরম্যান্সই ব্যবধান করে দিতে পারে। ভারতের যে অভিজ্ঞতা আছে, তা দিয়ে ওরা অন্তত দুটো খেলায় কঠিন সময়ে খেলায় ফিরে এসেছে। তবে ব্যবধানটা খুব কম ছিল। আমাদের এখন এটা থেকে শিক্ষা নিতে হবে। আর এই অভিজ্ঞতা দিয়ে আরো ভালো দল হয়ে উঠতে হবে।’