চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের শীর্ষ পেসার ট্রেন্ট বোল্ট। সেই সঙ্গে একই কারণে থাকছেন না ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা কাইল জেমিসন। আঙুল ভেঙেছে হেনরির, বোল্টের ভেঙেছে হাত, আর পায়ের মাংসপেশির চোটে ভুগছেন ফার্গুসন। তাদের ছাড়াই বৃহস্পতিবার ওয়ানডে দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ফিরেছেন দুই পেসার স্কট কুগেলাইন ও হামিশ বেনেট। জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন কুগেলাইন, ১৬টি খেলেছেন বেনেট। সবশেষ তারা ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরে। পেস আক্রমণে তাদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টিম সাউদি। আগামী বুধবার হ্যামিল্টনে হবে প্রথম ওয়ানডে।
