গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী ভিত্তিক তথ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ বিনা টিকিটে প্রদর্শিত হচ্ছে গফরগাঁও উপজেলা সদরের বাণিজ্যিক প্রেক্ষাগৃহ রুপান্তর সিনেমা হলে। চলতি পুরো সপ্তাহের জন্য রুপান্তর সিনেমা হলে বিনা টিকিটে তথ্যচিত্রটি প্রদর্শনের জন্য বুকিং দিয়েছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম ইকবাল হোসেন সুমন। শুক্রবার দুপুর ১২টা থেকে রুপান্তর সিনেমা হলে এ তথ্যচিত্রের প্রদর্শনী শুরু হয়েছে।
প্যানেল মেয়র ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান সাজু বলেন, ‘হাসিনা: এ ডটারস টেল’ তথ্যচিত্রের প্রতিদিন চারটি শো চলবে। দুপুর ১২টা, দুপুর ২টা, দুপুর ৪টা ও সন্ধ্যা ৬টা। বিকাল ৪টার শো হবে শুধুমাত্র মহিলাদের জন্য।
পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, এই তথ্যচিত্রে রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু পরিবারের ত্যাগের গল্প। এই ত্যাগের গল্প সবারই জানা উচিত, দেখা উচিত। তাই বাণিজ্যিক প্রেক্ষাগৃহে এই তথ্যচিত্রটি বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
