বেল টটেনহ্যামে?

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:২১

গ্যারেথ বেলকে চলতি দলবদলের সময়সীমার মধ্যে দলে ভেড়াতে টটেনহ্যাম হটস্পার গত বুধবার রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা করেছে বলে খবর বেরিয়েছে। ইউরোপের মধ্যবর্তী দলবদলের সময়সীমা আজ শুক্রবার রাতে শেষ হয়ে যাবে।

কোচ জিনেদিন জিদানের রিয়ালের হয়ে বেল চলতি মৌসুমে কেবল ১৫টি খেলায় মাঠে নেমেছিলেন। হরেক রকমের ইনজুরির কারণেই এত কমসংখ্যক ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সি ওয়েলশ স্ট্রাইকারটি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে স্ট্রাইকারটির বিদ্যমান চুক্তিতে এখনো আড়াই বছর আছে। তার ওপর বেলের জন্য বার্নাব্যুর ক্লাবটিকে সপ্তাহে ৬ লাখ পাউন্ড বেতন দিতে হয়। বৃটেনের ডেইলি মেইল জানিয়েছে টটেনহ্যাম কোচ হোসে মরিনহো বেলকে চান। সেজন্যই শেষ মুহূর্তের চেষ্টা চালাতে দল দুটি আলোচনায় বসেছিল।

জিদানের পছন্দের না হওয়াতে গেল মৌসুমেই দল ছাড়তে চেয়েছিলেন ক্ষুব্ধ বেল। জিদানের আগের মেয়াদেও তার সঙ্গে শীতল সম্পর্ক  ছিল বেলের। একাধিক দল গত মৌসুমে বেলকে নিয়ে আগ্রহও দেখিয়েছিল। এই ক্লাবগুলোর একটি চীনের সুপার লিগের দল জিগাংসু সানিং তাকে নিতেও চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রায় বাগড়া দিয়েছিল রিয়ালই।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মনে করেন সস্তায় ছেড়ে দেওয়ার মতো খেলোয়াড় বেল নন। শেষ ছয় বছরে অনেকবারই ওয়েলস ফরোয়ার্ডের তারিফ করেছেন পেরেজ। এছাড়াও বেলকে মৌসুমের শুরুতে আটকানোর পেছনে রিয়ালে খেলোয়াড়দের ইনজুরিও বড়ো ভূমিকা রেখেছিল।

এসবের মধ্যেই বেলের বিপুল অঙ্কের বেতন ও ট্রান্সফার ফি মিলিয়ে তাকে কেনাটাও একটা সমস্যা। বেল টটেনহ্যাম থেকেই ২০১৩ সালে সে সময়ের রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মাদ্রিদে গিয়েছিলেন বেল। কিন্তু ইংলিশ ক্লাবটির পক্ষে সাবেক খেলোয়াড়টির জন্য সন্তোষজনক ট্রান্সফার ফি ও এই পরিমাণ বেতন দিতে পারার কথা নয়। এ কারণেই আজকের মধ্যে বেলকে আনা কতটা সম্ভব সে নিয়ে প্রশ্ন আছে।