শেষ কয়বছরে গ্র্যান্ডস্ল্যামে রজার ফেদেরার আর নোভাক জকোভিচ মুখোমুখি হওয়া মানেই যেন জকোভিচের অবধারিত জয়। এর ব্যত্যয় ঘটেনি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও। ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরারকে ৭-৬, ৬-৪, ৬-৩ গেমে সহজেই হারিয়ে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে পৌঁছে গেছেন ‘জোকার’।
জকোভিচের বিপক্ষে গ্র্যান্ডস্ল্যামে ফেদেরারের শেষ জয়টা এসেছিল সেই ২০১২ সালে। সেবার উইম্বলডনের সেমিফাইনালে সার্বিয়ান তারকাকে হারানোর পর থেকেই জয়হীন ফেদেরার। ইতিহাস একপাশে রাখলে সাম্প্রতিক ফর্মও পাল্লা ভারি রাখছিল জকোভিচের পক্ষেই। প্রথম রাউন্ডে জ্যান লেনার্ড স্ট্রাফের বিপক্ষে চার সেটে জেতার পর থেকে প্রতিটি ম্যাচই যে জিতেছেন সরাসরি সেটে!
অন্যদিকে ফেদেরারের সেমিফাইনালে আসায় ছিল পরিষ্কার ভাগ্যের ছোঁয়া। শেষ আটে টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে সাতটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এসেছিলেন সেমিফাইনালে। এর আগের দুই ম্যাচও যথাক্রমে পাঁচ আর চার সেটে জিতেছিলেন তিনি।
তবে গতকাল বৃহস্পতিবার রড লেভার অ্যারেনায় শুরুর দাপটটা দেখিয়েছিলেন ফেদেরারই। প্রথম সেটে এক পর্যায়ে এগিয়েই গিয়েছিলেন ৪-১ ব্যবধানে। প্রথম সেটের ষষ্ঠ গেমেও পিছিয়ে ছিলেন ৪০-০তে। তবে ‘উড়ন্ত’ জকোভিচের ফেরারও শুরু তখনই। ব্যবধান ঘুঁচিয়ে সেটটাকে নিয়ে যান টাই ব্রেকারে। সেখানে ৭-১ ব্যবধানে জেতেন।
এরপর কোয়ার্টারে পাওয়া কুঁচকির চোট আবারও ফিরে আসে ফেদেরারের। সেজন্যেই হয়তো শেষ দুই সেটে দাঁড়াতেই পারেননি সুইস টেনিস তারকা। ৬-৪ আর ৬-৩ ব্যবধানের অনায়াস জয় তুলে নেন জকোভিচ। ফলে অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার আরো কাছে পৌঁছে যান তিনি। জয়ের পর সার্বিয়ান তারকা জানালেন প্রথম সেটের ষষ্ঠ গেমটাই পালটে দিয়েছে ম্যাচের মোড়।
জকোভিচের ভাষ্য, ‘সে যদি ষষ্ঠ গেমে ব্রেক পয়েন্টগুলো কাজে লাগাতে পারত তবে ব্যাপারটা অন্যরকমও হতে পারত। সে দারুণভাবে শুরু করেছিল যা আমাকে স্নায়ুচাপে ফেলে দিয়েছিল। এ পর্যন্ত আসার কারণে সম্মানটা ফেদেরারের প্রাপ্য। এই হারটা অবশ্যই তাকে দুঃখ দিয়েছে। তবে আজ সে তার সেরাটার ধারেকাছে ও ছিল না।’
