অজি ওপেনের ফাইনালে কেনিন-মুগুরুজা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:২৩

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের দুটি সেমিফাইনালেই হলো জমজমাট লড়াই। র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় অ্যাশলি বার্টিকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। আর ৪ নম্বর বাছাই সিমোনা হালেপকে বিদায় করে ফাইনালে পৌঁছান দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী গার্বিনে মুগুরুজা। রড লেভার অ্যারেনায় গতকাল বৃহস্পতিবার বার্টিকে ৭-৬ (৮-৬), ৭-৫ গেমে হারান চতুর্দশ বাছাই কেনিন। আর রোমানিয়ান তারকা হালেপকে ৭-৬ (১০-৮), ৭-৫ গেমে হারান অবাছাই মুগুরুজা। ২০১৭ সালে উইম্বলডন জয়ের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন স্প্যানিশ এই খেলোয়াড়। আগামী শনিবারের ফাইনালে ২৬ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড লড়বেন ২১ বছর বয়সি কেনিনের বিপক্ষে।