ইমরুল বাদ ফিরবেন সৌম্য!

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:২৪

ভারত সফরে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল নাজুক। দুই টেস্টেই ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। আসন্ন পাকিস্তান সফরের প্রথম টেস্টের জন্য শিগগিরই বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি। সেই দলে ভারত সফরে যাওয়া বেশির ভাগ ক্রিকেটারই সুযোগ পাচ্ছেন। আজ-কালের মধ্যেই ঘোষণা হতে পারে টেস্ট দল।

টেস্ট দল ঘোষণার বিষয়ে জানতে চাইলে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘দ্রুতই ঘোষণা করা হবে। খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখছি না।’  

বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তানে এক টেস্টের জন্য দলটা হতে পারে ১৪ সদস্যের। দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে ভারতে চার ইনিংসে ২১ রান করা ইমরুল কায়েসের বাদ পড়াটা প্রায় নিশ্চিত। বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা এই বাঁহাতি ওপেনার পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না। এদিকে নির্বাচকদের নজরে আছেন সৌম্য সরকার। সাদা পোশাকে আরেকবার সুযোগ পেতে পারেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে পাকিস্তানের উইকেটে সৌম্যর প্রয়োজনীয়তা চিন্তা করছেন নির্বাচকরা। তবে মেহেদী হাসান মিরাজ ও সাদমান ইসলামকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। মিরাজ আঙ্গুলের ইনজুরির কারণে ইনজেকশন নিয়েছেন। সাদমানও কব্জির ইনজুরিতে পড়ে ইনজেকশন নিয়েছেন।