হাসপাতালে জিম্বাবুয়ে ওপেনার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:২৪

ব্যাক-ফুটে গিয়ে পুল শট খেললেন কুসল মেন্ডিস। শর্ট লেগে ফিল্ডিংয়ের দাঁড়ানো কেভিন কাসুজার হেলমেটে লেগে বল চলে গেল স্কয়ার লেগে, তালুবন্দি করলেন কার্ল মুম্বা। আউট মেন্ডিস। আর মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হলেন কাসুজাও।

তাকে ঘিরে তেমন কোনো বিপদের শঙ্কা অবশ্য নেই বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করার পর এমনই এক ঘটনায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি কাসুজা। সেবারও শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় এই মেন্ডিসের শটেই বল লেগেছিল তার হেলমেটে। হারারেতে বুধবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে এই ঘটনা ঘটে। কুসল মেন্ডিসের পুল শট সরাসরি তার হেলমেটে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। সরাসরি হাসপাতালে নেওয়া হয় জিম্বাবুয়ের এই ডানহাতি ওপেনারকে। তার কনকাশন সাব হিসেবে তিমাইসেন মারুমার নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে তার কনকাশন সাব ছিলেন ব্রায়ান মাদজিঙ্গানিয়ামা।—বিডি নিউজ