চট্টগ্রাম নগরীতে হচ্ছে মিনি ক্রিকেট স্টেডিয়াম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:২৫

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম নগরীতে একটি মিনি ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হচ্ছে। শহরের চান্দগাঁও এলাকায় দুই একর জায়গা জুড়ে ক্রিকেট স্টেডিয়ামটি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সন্তানেরা।

স্টেডিয়ামটি নির্মাণের জন্য যত অর্থের প্রয়োজন তার সবটুকু সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে ব্যয় করা হবে। ইতিমধ্যে জমি ভরাটের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের কাজও শুরু হবে শিগিগরই। তার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামীকাল শুক্রবার দুপুরে। ঐ অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

নির্মাণাধীন স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে সানোয়ারা-ইসলাম ক্রিকেট স্টেডিয়াম। এটিকে কেন্দ্র করে একটি ক্রিকেট একাডেমিও গড়ে উঠেছে চান্দগাঁও এলাকায়। একাডেমি পরিচালিত হচ্ছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট নামের সংগঠনের মাধ্যমে। এই স্টেডিয়ামে কোনো টেস্ট আয়োজনের সুযোগ নেই। কিন্তু বয়সভিত্তিক যে কোনো ক্রিকেট আসর এখানে আয়োজনের সুযোগ রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে স্টেডিয়ামের যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে বর্তমানে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ক্রিকেটারদের একটি বয়সভিত্তিক টুর্নামেন্ট চলছে। কাল শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সাকিব আল হাসান। গতকাল বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেডিয়াম নির্মাণ নিয়ে বিভিন্ন তথ্য জানান সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের এমডি মুজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন কোম্পানিজের পরিচালক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম, কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হেলাল উদ্দিন প্রমুখ।