পঞ্চগড়-২ আসনে দ্বন্দ্ব ভুলে একাট্টা বিএনপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০২

পঞ্চগড় প্রতিনিধি

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার হোসেন ও ফরহাদ হোসেন আজাদ গ্রুপের দ্বন্দ্বের অবসান ঘটেছে। বিএনপির বিবদমান দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছেন। ফলে পঞ্চগড়-২ আসনে বিএনপির নেতা-কর্মীরা এখন একমঞ্চে। আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য আদাজল খেয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন তারা।

বুধবার বোদায় বিএনপি দলীয় প্রার্থী ফরহাদ হোসেন আজাদের বাসায় বোদা উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা-কর্মীদের যৌথ সভায় দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আফাজুল ইসলামের সভাপতিত্বে সভায় ফরহাদ হোসেন আজাদ, বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম, বোদা পৌরসভা বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক ওয়াসিউল ইসলাম হাসানসহ বোদা উপজেলা ও বোদা পৌরসভা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যৌথসভায় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আওয়ামী লীগ সমর্থক মোঃ আখতার হোসেন, যুব জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বোদা পৌরসভার কাউন্সিলর মোঃ শাহজাহান সিরাজ ও বোদা পৌর যুব জাগপার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএনপিতে যোগদান করেন।

এদিকে গত মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলা সদরের রফিকুল ইসলাম মেম্বারের মিলে দেবীগঞ্জ উপজেলা বিএনপির যৌথসভা হয়। সেখানেও দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে কাজ শুরু করেন। সভা শেষে ঐক্যবদ্ধভাবে বিএনপি নির্বাচনী মিছিল করেন।  বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান ও বোদা পৌরসভা বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা বলেন, যৌথসভায় ফরহাদ হোসেন আজাদ তার ব্যক্তিগত ভুলত্রুটি নিয়ে নেতা-কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। দলের স্বার্থে আমরা সকল ভেদাভেদ ভুলে এখন ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে নির্বাচিত করে আসনটি পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তোরাব সরকার ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টার বলেন, ফরহাদ হোসেন আজাদ তার সমস্ত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব কোন্দল ছিল তার অবসান হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে এ আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হবো। পঞ্চগড়-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, গণতন্ত্র উদ্ধারসহ দলের স্বার্থে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে একট্টা হয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষ মার্কা বিজয়ী হবে ইনশাআল্লাহ।