লক্ষ্মীপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষ ও নৌকার প্রার্থী শনিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
শহরের গোডাউন রোডে নিজ নির্বাচনী কার্যালয়ে ধানের শীষ (ঐক্যফ্রন্ট) প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুরে ভোটের মাঠে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিরুদ্ধে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন। প্রতিদিন তার নির্বাচনী কাজে বাধা দেয়া ও নেতাকর্মীদের উপর হামলা-মামলা দেয়া হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী শাহজাহান কামাল ও তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামাল প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে ভোটের মাঠ থেকে তাদেরকে দূরে রাখতে চাচ্ছে।
অপরদিকে ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে নৌকার প্রার্থী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী বায়েজিদ ভুঁইয়া লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ধানের শীষ (ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর আনা অভিযোগ সম্পর্কে বলেন, তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা সুষুম নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এ অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, আমরা লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষ (ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
